তারেক সাঈদকে আদালতে হাজির না করায় নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

র‌্যাব-১১-এর সাবেক ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন বিচারক। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গতকাল সোমবার তারেক সাঈদকে ছাড়াই বাকি আসামিদের আদালতে হাজির করায় বিচারক এ নোটিশ জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে এই খুনের মামলায় মোট গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ২১ জনকে হাজির করা হয়। অসুস্থ থাকায় র‌্যাব সদস্য বিল্লাল হোসেন ও রিমান্ডে থাকায় রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়নি। আর তারেক সাঈদকে কোনো কারণ ছাড়াই হাজির না করায় বিচারক কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১ ডিসেম্বর।
কারাসূত্র জানায়, তারেক সাঈদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, গতকাল সাত খুনের মামলার ধার্য তারিখে তাঁরা তিনটি আবেদন করেছেন। মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে কেন আদালতে হাজির করা হয়নি এবং কারাগারে তাঁকে কেন জামাই আদরে রাখা হয়েছে, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে এবং মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হলেও কেন অভিযোগপত্র দাখিল করা হচ্ছে না, তার ব্যাখ্যা চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক সাঈদকে হাজির না করার বিষয়ে কারা কর্তৃপক্ষকে শোকজ করেছেন। অপর দুটি আবেদনের আদেশ পরবর্তী ধার্য তারিখে দেওয়া হবে বলে আদালত জানান।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ‘মামলার প্রধান আসামি নূর হোসেনকে সরকার ইচ্ছে করলে ভারতের আদালতের মাধ্যমে দ্রুত জামিন করিয়ে দেশে ফিরিয়ে আনতে পারে। কিন্তু আমাদের জানামতে, সরকার এখন পর্যন্ত তাঁকে দেশে নিয়ে আসার ব্যাপারে কলকাতার আদালতে কোনো আবেদন জানায়নি। সরকারের আন্তরিকতার অভাবে তাঁকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না।’
মামলার তদন্তের অগ্রগতি ও অভিযোগপত্রের ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, সাত খুনের মামলাটি আলোচিত ঘটনা। তদন্তকাজ চলছে। তবে অভিযোগপত্র দেওয়ার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তবে যথাসম্ভব দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। তিনি বলেন, মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের কারাগারে আটক থাকলেও মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে না।
গত ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরের দিন একজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট ২৪ জনকে। এর মধ্যে অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের তিন শীর্ষ কর্মকর্তাসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়েছেন। আর ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ১৪ জন।