তারেক সাঈদকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে নোটিশ
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার আসামি র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদকে আদালতে নিয়মিত হাজিরায় হাজির করা হয়নি। এ জন্য কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে এ মামলায় গ্রেপ্তার হওয়া ২৪ আসামির মধ্যে ২১ জনকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, অসুস্থ থাকায় র্যাবের সাবেক সদস্য বিল্লাল হোসেন ও রিমান্ডে থাকায় রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়নি। তারেক সাঈদ মোহাম্মাদকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন আদালত। আগামী ১ ডিসেম্বর হাজিরার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান প্রথম আলোকে বলেন, আজ আদালতে তিনটি আবেদন করা হয়েছে। মামলার অন্যতম আসামি তারেক সাঈদ মোহাম্মাদকে কেন আদালতে হাজির করা হয়নি, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে এবং মামলার তদন্তের যথেষ্ট অগ্রগতি হলেও কেন চার্জশিট দাখিল করা হচ্ছে না—তার ব্যাখ্যা চেয়ে আদালতে আবেদন জানানো হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তারেক সাঈদকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অপর দুটি আবেদনের আদেশ পরবর্তী হাজিরার তারিখে দেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলায় এ পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।