নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করা হয়নি। এতে কারাগার থেকে তাঁকে আদালতে আনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। সেই সঙ্গে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে ২৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সাত খুনের দুটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল গতকাল বৃহস্পতিবার। সাক্ষ্য গ্রহণকে সামনে রেখে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির করা হয় মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক দুই কর্মকর্তা মেজর আরিফ হোসেন (অব্যাহতিপ্রাপ্ত) ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ (অব্যাহতিপ্রাপ্ত) ২২ আসামিকে। এ সময় আদালতে একটি মামলার (জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলা) বাদী বিজয় কুমার পাল উপস্থিত থাকলেও অন্যতম আসামি তারেক সাঈদ উপস্থিত ছিলেন না। এতে আদালত ক্ষোভ প্রকাশ করে কেন তাঁকে হাজির করা হয়নি, তা কারা কর্তৃপক্ষের কাছে জানতে চান। ব্যাখ্যা জানতে পিপিকে নির্দেশ দিয়ে আধা ঘণ্টার জন্য মামলার শুনানি মুলতবি করেন। তারেক সাঈদকে আনার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামানকে কোর্ট কাস্টডিতে রাখার নির্দেশ দেন। পরে আশরাফ কারণ ব্যাখ্যা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন যেকোনো উপায়ে আসামি সাঈদকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, আসামি তারেক সাঈদ কারা অভ্যন্তর থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে কারা কর্তৃপক্ষ হাজির করেনি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে অ্যাম্বুলেন্সে করে হলেও তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। নির্ধারিত সময়ে তারেক সাঈদকে হাজির না করায় আদালত যে ক্ষোভ প্রকাশ করেছেন, পরে সঠিক ব্যাখ্যা দেওয়ায় বিষয়টি স্পষ্ট হয়েছে।
দুই মামলার একটির বাদী সেলিনা ইসলামের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, আদালতের কোনো রকম অনুমতি ছাড়াই তারেক সাঈদকে হাসপাতালে রাখা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ। বিশেষ মহলে প্রভাবিত হয়ে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। বিচারকার্য বিলম্বিত করতেই ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়নি। তিনি কোন রোগে আক্রান্ত, সে বিষয়টিও আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।’
আসামিপক্ষের আইনজীবী এম এ রশিদ বলেন, ‘দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এক আসামি অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। আমরা আদালতে কয়েকজন আসামির পক্ষে জামিন আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করেছেন।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় আরেকটি মামলা ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়। প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
৮ ফেব্রুয়ারি এসব মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। তবে র্যাবের আট সদস্যসহ ১২ আসামি এখনো পলাতক। তাঁদের অনুপস্থিতিতেই বিচার শুরু হয়েছে।