তারেক সাঈদকে হাজির না করায় পেছাল সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। একই সঙ্গে আদালত তারেক সাঈদকে কারাগার থেকে আনার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামানের প্রতি ক্ষোভ ও অসন্তুষ্টি প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন শুনানি শেষে এসব আদেশ দেন।
সাক্ষ্য গ্রহণের জন্য আজ সকাল সাড়ে ১০টার দিকে নূর হোসেন ও র‍্যাবের সাবেক দুই কর্মকর্তা মেজর (অব্যাহতি) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতি) এম এম রানাসহ ২২ আসামিকে সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় একটি মামলার (আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা) বাদী বিজয় কুমার পাল উপস্থিত থাকলেও তারেক সাঈদ উপস্থিত না থাকায় আদালত অসন্তুষ্টি প্রকাশ করেন। কেন তাঁকে আদালতে হাজির করা হয়নি, আদালত কারা কর্তৃপক্ষের কাছে এর কারণ ব্যাখ্যা চান। কী কারণে তারেককে আনা হয়নি, তা জানার জন্য সরকারি কৌঁসুলিকে নির্দেশ দিয়ে ৩০ মিনিটের জন্য আদালত মুলতবি করেন। তারেক সাঈদকে আনার দায়িত্বে নিয়োজিত পরিদর্শক আশরাফকে কোর্ট কাস্টডিতে রাখার নির্দেশ দেন। পরে তারেককে না আনার বিষয়ে ব্যাখ্যা দিলে পুলিশ কর্মকর্তা আশরাফকে ছেড়ে দেওয়া হয় এবং আগামী ধার্য তারিখে (২৯ ফেব্রুয়ারি) অবশ্যই তাঁকে হাজির করার নির্দেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন প্রথম আলোকে বলেন, আজ দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। একটি মামলার বাদী বিজয় কুমার পাল আদালতে উপস্থিত ছিলেন। অপর একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি অসুস্থ থাকায় হাজির হননি। তারেক সাঈদ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে কারা কর্তৃপক্ষ হাজির করেনি। এ জন্য আদালত ২৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ওই দিন অ্যাম্বুলেন্সে করে হলেও তারেক সাঈদকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ে তারেককে হাজির না করায় আদালত যে ক্ষোভ প্রকাশ করেছেন, পরে সঠিক ব্যাখ্যা দেওয়ায় বিষয়টির সমাধান হয়।
সেলিনা ইসলামের আইনজীবী সাখাওয়াত হোসেন দাবি করেন, সাত খুনের মামলায় কারা কর্তৃপক্ষ তারেক সাঈদকে আদালতে হাজির করেনি। যতটুকু জানতে পেরেছি, আদালতের অনুমতি ছাড়াই তারেক সাঈদকে হাসপাতালে রাখা হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ। মামলার বিচার বিলম্বিত করতেই একটি মহল ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র দেখিয়ে তারেককে আদালতে হাজির করেনি। তারেক কোন রোগে আক্রান্ত সে বিষয়টিও আদালতের সামনে উপস্থাপন করা হয়নি। আদালত এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। কেন তারেক সাঈদকে হাজির করা হয়নি, এ জন্য কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী এম এ রশিদ বলেন, দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এক আসামি অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। তাই আমরা আদালতে কয়েকজন আসামির পক্ষে জামিন আবেদন করেছিলাম, আদালত তা নামঞ্জুর করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর তাঁদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। তবে একটি মামলার বাদী সেলিনা ইসলাম তাঁর দায়ের করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় তা প্রত্যাখ্যান করে নারাজি পিটিশন দাখিল করলে প্রথমে বিচারিক হাকিম আদালত ও পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। সেলিনা ইসলাম বিউটি অধিকতর তদন্ত চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত আদেশে বলেন, পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত করতে পারে। তবে মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচার করার জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন।
চলতি মাসের ৮ তারিখ সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। তবে র‍্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামির অনুপস্থিতিতেই বিচারকার্য শুরু হয়।
এর আগে গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন।