তারেক সাঈদসহ ছয় আসামি আপিল করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে র্যা ব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক দুই কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানাসহ ছয় আসামি আপিল করেছেন।
আদালত সূত্র জানায়, গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব আপিল হাইকোর্টের ফৌজদারি আপিল শাখায় নথিভুক্ত হয়। গত সোমবার মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। এর আগে নূর হোসেনের সহযোগী আবুল বাশার ও এসআই পুর্ণেন্দু বালা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন। তাঁদের পক্ষে আইনজীবীরা এসব আপিল করেন।
আলোচিত এই মামলায় ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যা বের সাবেক তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর নয়জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ-সংক্রান্ত দুই মামলায় নিম্ন আদালতের রায় ও নথিপত্র ২২ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছায়। সেদিনই তা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হিসেবে নথিভুক্ত হয়। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৯ জানুয়ারি ওই মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক দ্রুত প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। আইনজীবীরা বলেছেন, ডেথ রেফারেন্স ও আপিল একসঙ্গে শুনানি হয়ে থাকে।