র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনের একটি মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানিতে বিব্রত হয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার আবেদনটি শুনানির জন্য গেলে একজন বিচারক বিব্রত বোধ করার কথা জানান।
আদালত বলেন, একজন বিচারক আবেদনটি শুনানিতে বিব্রত বোধ করছেন। এ জন্য আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেবেন।
পরে তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটি বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছিল। ওই মামলাটি করেছেন নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।
মামলা বাতিলের যুক্তি হিসেবে গোলাম কিবরিয়া বলেন, সাত খুনের ঘটনায় প্রথম মামলাটি করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। ওই মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি হয়। দুটি মামলারই প্রাথমিক অভিযোগ থেকে শুরু করে আসামি, অভিযোগপত্র, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি—সবকিছু এক। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। তাই দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সাত খুনের ঘটনায় করা দুই মামলার একটির বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের জেরা শেষ হয়েছে। তাঁকে এ মামলার প্রধান আসামি নূর হোসেন ও আরেক আসামি তারেক সাঈদের আইনজীবীর জেরা করা ছাড়াই জেরা শেষের ঘোষণা দিয়েছেন আদালত। আদালত ১৪ মার্চ এ মামলায় অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রথমে র্যাবের সাবেক কর্মকর্তা আসামি এম এম রানা ও আরিফ হোসেনের আইনজীবীরা বিজয় কুমারকে জেরা করেন। এরপর নূর হোসেন ও তারেক সাঈদের পক্ষে আইনজীবী খোকন সাহা ও সুলতানুজ্জামান আদালতকে জানান, তাঁরা এ মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেছেন। আজ (গতকাল) এর নিষ্পত্তি হবে। তাই বিকেল পর্যন্ত তাঁরা সময় চান। তখন আদালত বেলা তিনটা পর্যন্ত তাঁদের সময় দেন। বিকেলে আদালতকে তাঁরা বলেন, হাইকোর্টের বেঞ্চ আবেদন শুনানি করতে বিব্রত হয়েছেন। এ কথা বলে তাঁরা আবার সময় চান। কিন্তু আদালত তাঁদের সময় মঞ্জুর না করে বিজয় কুমার পালের জেরা সম্পন্নের ঘোষণা দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, আদালত দুই আসামির আইনজীবীদের বাদীকে জেরা করার নির্দেশ দিলেও তাঁরা তা করেননি।
তারেক সাঈদের পক্ষের আইনজীবী সুলতানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘উচ্চ আদালত আমাদের আবেদন খারিজ করে দেওয়ায় আমরা সাক্ষীকে জেরা করা থেকে বিরত থাকি। আমরা উচ্চ আদালতে যাব।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। এরপর নজরুল ও তাঁর চার সহযোগীকে হত্যার ঘটনায় একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় আরেকটি মামলা হয়। গত ৮ এপ্রিল সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৯ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।