নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুই মামলার একটিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আবেদন খারিজ করেন। এর আগে সাত খুনের আরেকটি মামলা বাতিল চেয়ে তারেক সাঈদের করা আবেদন খারিজ করেছিলেন একই বেঞ্চ।
২০১৪ সালের ২৭ এপ্রিল নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। নজরুল ও তাঁর চার সঙ্গীকে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
সেলিনা ইসলামের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে তারেক সাঈদ হাইকোর্টে আবেদন করেছিলেন। গত রোববার ওই আবেদনের শুনানি শেষ হয়। তারেক সাঈদের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। গতকাল আবেদনটি খারিজ করেন আদালত।
এর আগে বিজয় কুমার পালের করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তারেক সাঈদ। ১৫ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ ওই আবেদন সরাসরি খারিজ করে দেন।