তারেক সাঈদের পক্ষে লড়বেন ঢাকার পাঁচ আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে মামলা লড়তে চান ঢাকা আইনজীবী সমিতির পাঁচ সদস্য। গতকাল রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট এ এইচ এম শফিকুল ইসলামের আদালতে তাঁরা এ-সংক্রান্ত একটি আবেদন করেছেন।
মামলার ধার্য দিন অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে অভিযোগপত্রভুক্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে ঢাকা আইনজীবী সমিতির সদস্য সরোয়ার মিয়া, আজিজুল হক ভূঁইয়া, আব্দুস সালাম, এ এস এম দেলোয়ার হোসেন ও মৌসুমী আসামি তারেক সাঈদের পক্ষে মামলা লড়তে চান বলে আদালতে একটি লিখিত আবেদন উপস্থাপন করেন। মামলার নিয়মিত শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পলাতক পাঁচ আসামির মালামাল ক্রোক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন আদালত। পরে আদালত আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
আদালত থেকে বের হয়ে আইনজীবী সরোয়ার মিয়া সাংবাদিকদের বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে সাত খুনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ আইনজীবী সম্পৃক্ত। এ কারণে এ সমিতির কোনো সদস্য আসামিপক্ষে লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সংবিধানে আইনি অধিকার পাওয়ার জন্য একজন মানুষের পক্ষে আইনজীবী নিয়োগের কথা বলা হয়েছে। তাই আমরা বিবাদী তারেক সাঈদের পক্ষে মামলা লড়ার জন্য আদালতে আবেদন করেছি। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন আইনজীবী যাতে আমাদের সঙ্গে অংশ নেন, সে বিষয়টিও আদালতকে জানিয়েছি। আদালত আমাদের আশ্বস্তও করেছেন। মামলার পরবর্তী দিন আমরা তারেক সাঈদের পক্ষে জামিনের প্রার্থনা করব।’
হাজিরার সময় আদালতের কাঠগড়ায় দাঁড়ানো তারেক সাঈদ বিচারকের উদ্দেশে বলেন, ‘এইবারের (নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি) সভাপতি (সাখাওয়াত হোসেন) বাদীপক্ষের আইনজীবী। তাঁর কারণেই তাঁরা আইনি লড়াইয়ের জন্য কোনো আইনজীবী নিয়োগ করতে পারছেন না।’
আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, আসামিপক্ষ যে কাউকে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে পারে। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি থেকে কোনো নিষেধাজ্ঞাও নেই। কিন্তু আইনজীবী নিয়োগ না দিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বাহবা কুড়ানোর কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, আসামিপক্ষ মামলাটি নারায়ণগঞ্জ আদালত থেকে অন্যত্র বদলি করার জন্য তৎপরতা শুরু করেছে। আসামিরা বিশেষ সুবিধা পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে।
তারেক সাঈদের পক্ষে পাঁচ আইনজীবীর আবেদন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ওই আইনজীবীরা আদালতে আবেদন দিলেও কোনো ওকালতনামা দাখিল করেননি। সাখাওয়াত বলেন, আদালত পলাতক ১৩ জনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশ আটজনের মালামাল ক্রোক করেছে। তিন মাসেও পাঁচ আসামির মালামাল ক্রোক করতে পারেনি। অবশ্য পুলিশ আদালতে বলেছে, ওই পাঁচ আসামির ঠিকানা পাওয়া না যাওয়ায় মালামাল ক্রোক করা যায়নি। আদালত পাঁচ আসামির মালামাল ক্রোক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এ ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। প্রায় এক বছর তদন্ত শেষে গত ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ৩৫ জনকে আসামি করা হয়। বর্তমানে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন ১৩ জন।