তারেক সাঈদের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন শুনানিতে বিব্রত হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদের বিরুদ্ধে সাত খুনের একটি মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানিতে বিব্রত হয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার ওই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল।

শুরুতে আদালত বলেন, তাঁদের মধ্যে একজন আবেদনটির শুনানিতে বিব্রতবোধ করছেন। তাই আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

পরে তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনার পর নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা যে মামলাটি করেছেন, তা বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছিল।

যুক্তি হিসেবে আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের মামলার ১২ দিন পরে একই অভিযোগে দ্বিতীয় মামলাটি (চন্দন সরকারের জামাতার মামলা) করা হয়। দুটি মামলারই অভিযোগপত্র, আসামি—সবই এক। এ কারণে তাঁরা দ্বিতীয় মামলাটি বাতিল চেয়েছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুলসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় নজরুল ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় আরেকটি মামলা ফতুল্লা মডেল থানায় করা হয়। প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।