তারেক সাঈদের মামলা বাতিলের আবেদনের আদেশ মঙ্গলবার
র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনের একটি মামলা বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে আগামী মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হয়। তারেক সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, শুনানি শেষে আদেশের জন্য আদালত আগামী মঙ্গলবার দিন ধার্য করে দিয়েছেন।
এর আগে ৭ মার্চ বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটি শুনানির জন্য ওঠে। তবে একজন বিচারক শুনানিতে বিব্রত বোধ করায় আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরে প্রধান বিচারপতি আবেদনটি হাইকোর্টের এই বেঞ্চে শুনানির জন্য পাঠান।
তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটি বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছে। ওই মামলাটি করেছেন নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।
মামলা বাতিলের যুক্তি হিসেবে গোলাম কিবরিয়া বলেন, সাত খুনের ঘটনায় প্রথম মামলাটি করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। ওই মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি করা হয়। দুটি মামলারই প্রাথমিক অভিযোগ থেকে শুরু করে আসামি, অভিযোগপত্র, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি—সবকিছু এক। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। তাই দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন তাঁর বিরুদ্ধে করা মামলা দুটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আজ নূর হোসেনের আইনজীবী এফ আর এম লুৎফুর রহমান আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দুটি জমা দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। এরপর নজরুল ও তাঁর চার সহযোগীকে হত্যার ঘটনায় একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় আরেকটি মামলা হয়। এরপরই কাউন্সিলর নূর হোসেন এবং তারেক সাঈদসহ র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ বছরের ২৯ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুটি মামলারই সাক্ষ্য গ্রহণ শুরু হয়।