তারেক সাঈদের ১৬৪ ধারায় জবানবন্দি

র্যাবের সাবেক দুই কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানার পর এবার র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ নারায়ণগঞ্জের সাত খুনের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে র্যাব থেকে অবসরে পাঠানো তারেক সাঈদ মোহাম্মাদকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। সেখানে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বেলা সাড়ে তিনটার দিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এদিকে এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে দ্রুত ভারতে থেকে দেশে ফেরত আনার দাবিতে আজ দুপুরে আদালতপাড়ায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, তারেক সাঈদ জবানবন্দিতে ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, এর আগে পঞ্চম দফায় ৯ জুন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালত তারেক সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫৪ ধারায় গ্রেপ্তারের পর প্রথমে পাঁচ দিন, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় আটদিন, একই মামলায় তৃতীয় দফায় পাঁচ দিন, আইনজীবী চন্দর সরকারসহ দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চতুর্থ দফায় পাঁচ দিন এবং ৬ষ্ঠ দফায় গত শনিবার আবার তারেক সাঈদকে চার দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
নূর হোসেনকে দেশে আনার দাবি আইনজীবীদের
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নূর হোসেনকে দ্রুত দেশে ফেরত আনার দাবিতে আজ বুধবার দুপুরে আদালতপাড়া এলাকায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মশিউর রহমান শাহীন প্রমুখ।
সমাবেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে যেন ফেরত না আনা যায় সে জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। নূর হোসেনকে দেশে নিয়ে আসা হলে র্যাবের সাবেক তিন কর্মকর্তার মতো আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, গডফাদারদের নাম বলে দিতে পারে। এই কারণে তাঁকে দেশে ফেরত আনার ব্যাপারের সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ অবিলম্বে ভারত থেকে নূর হোসেনকে ফেরত এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি।