খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘একখণ্ড হীরার টুকরো’ বলে উল্লেখ করলেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, ময়লা দিয়ে যেমন হীরার ঔজ্জ্বল্য ঢেকে রাখা যায় না, তেমনি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর ঔজ্জ্বল্য নষ্ট করা যাবে না, তাঁকে দমিয়ে রাখা যাবে না।তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় ভবিষ্যতে এ দিবসটিকে আরও বিস্তৃতভাবে পালন করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বিএনপির দাবি, এই দিনে বিগত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে। বিএনপি গতকাল নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করে।সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন। এরপর তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নেতৃত্ব দেবেন।খন্দকার মোশাররফ বলেন, সরকার জিয়াউর রহমানকে ভয় পায়। এ জন্য তাঁর নাম মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়ে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপিকে ধ্বংস করতেই সরকার তারেক রহমানের ওপর অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে। তিনি অভিযোগ করেন, তারেকের বিরুদ্ধে যেসব মামলা আছে, তা ভিত্তিহীন।বিএনপির সহসভাপতি টি এইচ খান বলেন, তারেক একটি হীরকখণ্ড। অপপ্রচার চালিয়ে তাঁর ঔজ্জ্বল্য নষ্ট করা যাবে না। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।