তারেক ১৬ কোটি মানুষের নেতায় পরিণত হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশের ১৬ কোটি মানুষের নেতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, তারেক রহমান সৃজনশীল রাজনীতির সূচনা করেছিলেন। সারা বিশ্বে যেখানেই বাংলাদেশি আছেন, সেখানেই তারেক রহমানের জন্মদিন পালন করা হচ্ছে।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে যুবদল আয়োজিত এক শোভাযাত্রা উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন। ফখরুল বলেন, বর্তমান সরকার মানুষের বুকের ওপর চেপে বসেছে। মুক্তির কোনো পথ খোলা নেই। সরকার পানি, বিদ্যুৎ, গ্যাস দিতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন।বিএনপির এই নেতা দেশ ও জনগণকে রক্ষার জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ১৮ দলীয় জোটের জনসভায় দলমতনির্বিশেষে সবাইকে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, তারেক রহমান যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘একদিন এসব মামলা ভুয়া প্রমাণিত হবে। যাঁরা চক্রান্ত করছেন, তাঁদের জেলে যেতে হবে।’অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন। এ সময় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, রংবেরঙের বেলুন আর তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। যুবদলের এই কর্মসূচির কারণে বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ফকিরেরপুল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে চাপ পড়ে আশপাশের রাস্তায়। মগবাজার, রামপুরা, মহাখালী, পল্টন ও এর আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।