তারেক 'অর্বাচীন' বললেন নাসিম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘অর্বাচীন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘এঁদের মতো অর্বাচীনরা এসব বলতে পারেন। এ বিষয়ে ঘৃণা প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই বলার নেই।’
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে মুজিবনগর সরকার দিবস উদ্যাপন উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির বৈঠক শেষে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতির মাঠে বিএনপি পরাজিত হয়েছে। এখন তারা হতাশ হয়ে প্রলাপ বকছে।
জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি বিএনপির, এমন দাবির পরিপ্রেক্ষিতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ছবিতে স্পষ্ট প্রমাণ আছে, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিয়াউর রহমান তাঁকে স্যালুট দিচ্ছেন। একজন রাষ্ট্রপতি তাহলে কীভাবে গার্ডের দায়িত্ব নেন? এটা হাস্যকর।’
বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৭ এপ্রিল ভোরে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ছয়টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে ১১টায় সেখানে আলোচনা সভা হবে।