তারেককে আনতে পরোয়ানা জারির আবেদন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হক আজ রোববার এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন আবেদনটি করেন।
আবেদনে বলা হয়, অর্থ পাচার মামলার দুই আসামির মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন বর্তমান কারাগারে আটক আছেন। আর তারেক রহমান শুরু থেকে পলাতক।
দুদকের আইনজীবী আদালতকে বলেন, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। দেশে থাকা তারেক রহমানের আত্মীয়-স্বজনও বিষয়টি অবগত বলে আমাদের ধারণা। তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দের পরোয়ানা জারি হয়েছিল। আদালতে হাজির হওয়ার জন্য তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। তিনি ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে গেছেন।
আইনজীবী মোশাররফ হোসেন আবেদনে বলেন, আমরা জানতাম, তিনি (তারেক) বিদেশে চিকিত্সাধীন। কিন্তু গণমাধ্যমের খবর সূত্রে তাঁর লন্ডনে অবস্থানের বিষয়টি দুদকের নজরে আসে। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
দুদকের এই আবেদন মঞ্জুর করেন আদালত।