বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন প্রমাণ করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানসহ যাঁদের জড়ানো হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য।গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি দাবি করেন, জবানবন্দি প্রত্যাহারের জন্য মুফতি হান্নানের আবেদনের পর তারেক রহমানসহ অন্য রাজনৈতিক নেতাদের আসামি করে রাখার কোনো নৈতিক ও আইনগত অধিকার এই সরকারের নেই। মির্জা ফখরুল অভিযোগ করেন, ২১ আগস্ট মামলায় অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ অবসরে যাওয়া দলীয় পুলিশ কর্মকর্তা আবদুল কাহার আকন্দকে দিয়ে এই মামলায় তারেক রহমানসহ রাজনৈতিক নেতাদের জড়ানো হয়। তিনি আরও অভিযোগ করেন, সরকার তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার হীন প্রচেষ্টা চালাচ্ছে। মুফতি হান্নানকে নির্যাতন করে তাঁকে দিয়ে তারেক রহমানসহ অন্য নেতাদের নাম বলানো হয়েছে। তাঁকে ৪১০ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর বাইরে নির্জন স্থানে নিয়ে র্যাব নির্যাতন করেছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জোর করে জবানবন্দি নিয়ে যাঁরা তারেক রহমানসহ অন্য রাজনৈতিক নেতাদের আসামি করছেন, ক্ষমতায় গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। মুফতি হান্নান গত মঙ্গলবার আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। তাতে বলেন, তিনি স্বেচ্ছায় কোনো জবানবন্দি দেননি। সিআইডির লেখা কথিত জবানবন্দিতে তাঁর সই আদায়ের জন্য রিমান্ডে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে।