তারেককে এবার 'শিশু' বললেন মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু’ বললেন  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘৪৩ বছর আগের ৩ বছরের শিশু তারেক রহমান বলে, প্রথম রাষ্ট্রপতি নাকি জিয়াউর রহমান। এটা ওই শিশু স্বপ্ন দেখেছে। কিছুদিন পর হঠাত্ করে তারেক রহমান বলবে বাংলাদেশ পাকিস্তান।’  
আজ মঙ্গলবার রাজধানীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চবিদ্যালয় মাঠে কোতোয়ালি-বংশাল থানা এবং ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মায়া এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘ওরা (বিএনপি) ইসলাম, গণতন্ত্র, মানবতা ও মুক্তিযুদ্ধের শত্রু। এদের এই দেশে থাকার কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিভিন্ন সময়ের বক্তব্যে ভেবেছিলাম পাগলামি। কিন্তু এটা পাগলামি নয়, রাজনৈতিক শয়তানি। খালেদা জিয়ার কথা মিথ্যা। তাঁর কোনো রাজনীতি নেই। আছে মিথ্যা আর ষড়যন্ত্র।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ নয়, আমাদের শত্রু। কারণ ’৭১ সালে রাজাকার আমাদের শত্রু ছিল।’ তিনি বলেন, বিএনপি দল গুছিয়ে আন্দোলনের কথা বলেছে। কিন্তু তারা দল গোছাতেও পারবে না, আন্দোলন করতেও পারবে না। আর আগাম নির্বাচনও আদায় করতে পারবে না। ৫ বছরের আগে কোনো নির্বাচন নয়। ২০১৯ সালেই নির্বাচন হবে। ওই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।