তারেককে খালাস দেওয়া বিচারকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে তাঁর ঘনিষ্ঠ দুই স্টেনোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুই স্টেনোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা হলেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর আবুল হাসান ও বিশেষ জজ আদালত-৩-এর মো. নুরুল ইসলাম।
অর্থের সব ধরনের অবৈধ ব্যবহার-সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার-পারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক মোতাহার হোসেন। তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি অবসরে যান।
২০ জানুয়ারি বিচারক মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে এবং সম্পদের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
গতকাল দুই স্টেনোগ্রাফারকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে দুদকের একটি সূত্র জানায়, বিদেশ ভ্রমণে দুদকের নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন বিচারক মোতাহার হোসেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় আছেন বলে দুদক জানতে পেরেছে।
হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, মোতাহার হোসেন দেশ ছেড়েছেন। পরিবারের বিষয়েও কেউ কিছু বলতে পারে না। তবে যথোপযুক্ত আইনি পদ্ধতিতে বিদেশ থেকে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, মোতাহার হোসেনের অবৈধ সম্পদ অনুসন্ধানে ব্যক্তিগত গাড়িচালক সোহরাব হোসেন ও দেহরক্ষী (গানম্যান) বাদল দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জানুয়ারি উপস্থিত থাকতে চিঠি দিয়েছে দুদক।
দুদকের কাছে মোতাহার হোসেনের বিরুদ্ধে বিদেশে অবৈধ উপায়ে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিচারক লন্ডনে বাড়ি কিনেছেন। রাজধানীর ধানমন্ডিতেও তিনি সম্প্রতি দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এ ছাড়া তাঁর গ্রামের বাড়ি নাটোরে নামে-বেনামে প্রায় ৫০ বিঘা কৃষি-অকৃষিজমি কিনেছেন বলেও অভিযোগ রয়েছে।