তারেককে খালাস দেওয়া বিচারকের সম্পদ সন্ধানে দুজনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক মোতাহার হোসেনের ‘অবৈধ’ সম্পদের অনুসন্ধানে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর স্টেনোগ্রাফার আবুল হাসান এবং ঢাকা বিশেষ জজ আদালতের স্টেনোগ্রাফার নুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ দুজনকে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুনুর রশিদ।

২৭ জানুয়ারি বিচারক মোতাহার হোসেনের গানম্যান বাদল দেওয়ান ও গাড়ির চালক সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদক সূত্র জানায়, বিচারক মোতাহার হোসেনের নামে বিদেশে অবৈধ উপায়ে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। তাঁর ছেলে লন্ডনে থেকে পড়াশোনা করেন। লন্ডনে মোতাহার হোসেন বাড়ি কিনেছেন। রাজধানীর ধানমন্ডিতে তিনি সম্প্রতি দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এ ছাড়া তাঁর গ্রামের বাড়ি নাটোরে নামে-বেনামে প্রায় ৫০ বিঘা কৃষি-অকৃষি জমি কিনেছেন। দুদক সূত্র জানায়, তাঁর দৃশ্যত সম্পদের সঙ্গে আয়ের যথেষ্ট অমিল রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে।

অবৈধভাবে অর্থের লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলায় গত বছরের ১৭ নভেম্বর খালাস পান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। একই মামলায় তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন।

তারেক রহমান খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁরা আদালতকক্ষেই উল্লাস করেন। এরপর তাঁরা আনন্দ মিছিল বের করেন। মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তাঁরা দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে ‘দালাল, দালাল’ বলে স্লোগান দেন।

তারেকের আইনজীবী মাসুদ তালুকদার বিচারকের প্রশংসা করে বলেছিলেন, ‘পরাধীন বিচারব্যবস্থায় একজন বিচারক রায়ের মাধ্যমে প্রমাণ করেছেন, তারেক রহমান নিরপরাধ। আজকের রায়ে প্রমাণিত হলো, খালেদা জিয়া নির্দোষ; তারেক রহমান নির্দোষ।’ মামুনের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে তিনি জানান। তবে তিনি উল্লেখ করেন, যে সময় ধরে মামুন কারাগারে আছেন, সেটা সাজার মেয়াদ থেকে বাদ যাবে। সে বিবেচনায় অচিরেই মামুনের মুক্তি পাওয়ার কথা।

তবে রায়ের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক রায় মানলেও সন্তুষ্ট নন বলে জানান। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আপিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে আছেন। চিকিত্সার জন্য ২০০৮ সালে তিনি উচ্চ আদালতের অনুমতি নিয়ে ওই দেশে যান। পরে তাঁর জামিন বাতিল করে এই মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। তিনি না আসায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে পলাতক ঘোষিত হওয়ায় আইন অনুযায়ী তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে মানি লন্ডারিংয়ের পৃথক মামলায় তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ছয় বছর সাজা হয়েছিল।

গত ডিসেম্বরে অবসরে যান বিচারক মোতাহার হোসেন। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য একজন কর্মকর্তাও নিয়োগ করেছে সংস্থাটি। একই সঙ্গে মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। এ বিষয়ে সংশ্লিষ্ট স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, দুই সপ্তাহ আগে মোতাহার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে সংস্থাটির কাছে। এসব অভিযোগ নিজস্ব সূত্রে খবর নেয় সংস্থাটি। অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পাওয়ার পরই বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।