তারেককে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৪ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আপিলের বিষয়টি জানিয়ে আদালত তারেক রহমানকে নতুন করে সমন জারি করার নির্দেশ দিয়েছিলেন। এ জন্য তারেক রহমানের লন্ডনের ঠিকানায় সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি কোনো জবাব দেননি। আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক। তাই তাঁর অনুপস্থিতিতেই আদালত আপিল শুনানির দিন নির্ধারণ করেছেন।
২০ কোটি টাকা ঘুষ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলায় ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন। একই মামলার আসামি ও তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করেন আদালত।