তারেককে খালাসের রায় বাতিল চেয়ে আপিল
বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে খালাস দিয়ে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়।
পরে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, তারেক রহমানকে খালাস দিয়ে বিচারিক আদালতের দেওয়া ওই রায় বাতিল চেয়ে আপিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মানি লন্ডারিংয়ের সংজ্ঞায় পড়ে। অভিযোগের পক্ষে মৌখিক ও দালিলিক সাক্ষী থাকার পরও তাঁকে খালাস দেওয়া যথার্থ হয়নি—এসব যুক্তি আপিলে তুলে ধরা হয়েছে। হাইকোর্টের বেঞ্চ বসলে আপিলটি গ্রহণের জন্য উত্থাপন করা হবে।
গত ১৭ নভেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় তারেক রহমানকে খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন। তবে রায়ে তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডাদেশ ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।