তারেককে নিয়ে পাপিয়ার কটূক্তি, দল থেকে বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে যুবদল। মিছিল-পূর্ব সমাবেশ থেকে পাপিয়াকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়।
এর কিছুক্ষণ পরই সদর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা পাপিয়ার পক্ষ নিয়ে পাল্টা মিছিল বের করেন। তাঁদের দাবি, এসবই পাপিয়ার বিরুদ্ধে অপপ্রচার।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ কয়েকটি ওয়েবসাইটে সম্প্রতি ইকবাল নামের এক ব্যক্তির সঙ্গে পাপিয়ার ফোনালাপের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে পাপিয়া বলছেন, ‘তারেক রহমানের রুচি আর পাল্টাল না।...ও তো নিজেই ম্যাট্রিক পাস, তাই সে ফাইভ পাস লোককেই পছন্দ করে।’
ফোনালাপে পাপিয়াকে আরও বলতে শোনা গেছে, ‘কিচ্ছু হবে না। তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে।...রাবিশ। একবারে রাবিশ। উনি তো ভালো লোককে, ভদ্রলোককে, যোগ্য লোককে পছন্দই করেন না।’
তবে অডিও ক্লিপটি নিজের নয় বলে দাবি করেছেন পাপিয়া। তিনি বলেন, ‘ডিজিটাল কায়দায় কণ্ঠ জালিয়াতির মাধ্যমে এটা ছড়ানো হয়েছে। আমি সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ বলে সরকারি ষড়যন্ত্রের শিকার হচ্ছি।’ যুবদলের ঝাড়ু মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘এরা হচ্ছে ভাড়াটিয়া মাদকসেবী, উচ্ছৃঙ্খল ছেলে। গোয়েন্দা সংস্থার অর্থের বিনিময়ে এরা আমার বিরুদ্ধে মিছিল করেছে।’
দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শহরের গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিল বের করে জেলা যুবদল। মিছিল থেকে পাপিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সভাপতি ওবায়েদ পাঠান, সাধারণ সম্পাদক তাবিউল ইসলাম তারিফ, যুবদলের নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় পাপিয়াকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বক্তারা বলেন, পাপিয়ারা ধানের শীষের মাজরা পোকা। এই পোকা দমন করতে না পারলে ধানের শীষের ক্ষতি হবে।
দুপুর সাড়ে ১২টার দিকে পাপিয়ার পক্ষে মিছিল বের করে সদর উপজেলা ও পৌর বিএনপি। কলেজগেট থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে নিউমার্কেট এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি শহানেওয়াজ খান, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দীন, বিএনপির নেতা সাদিউল হক প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগের দালালবেষ্টিত স্থানীয় বিএনপির একটি চক্র পাপিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।