তারেক রহমানকে সম্পর্কে ‘ভেবেচিন্তে কথা বলার’ জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান।গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শামসুজ্জামান বলেন, তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাঁর সম্পর্কে কথা বলতে হলে ভেবেচিন্তে বলতে হবে।বিকেলে অপর এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের দেওয়া বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি প্রশ্ন তোলেন, তারেক রহমান লন্ডনে প্রকাশ্যে এক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন। এটা ষড়যন্ত্র হয় কীভাবে? প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি লাগামহীনভাবে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আইনের চোখে পলাতক একজন আসামি কীভাবে দেশের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার করেন? সরকারকে বলব, তাঁকে দেশে এনে আইনের হাতে সোপর্দ করা হোক। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।’ গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, নাসিম তাঁর অপরাধ ঢাকতে তারেক রহমানের ওপর দোষ চাপাচ্ছেন। এর আগে নাসিমের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রমাণিত হয় এবং তিনি সাজাও পেয়েছেন। এ কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তিনি বলেন, তারেককে মানি লন্ডারিং মামলার ফেরারি আসামি বলা হচ্ছে। কিন্তু আদালতে তারেকের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। যতক্ষণ আদালতে অভিযোগ প্রমাণিত না হয়, ততক্ষণ কাউকে ফেরারি আসামি বলা যায় না।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নাসিমের মতো ‘অর্বাচীনের’ মুখেই তারেক রহমান সম্পর্কে এমন বক্তব্য দেওয়া সম্ভব।