তারেককে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। তিনি বলেন, তারেক রহমান জামিনের শর্ত ভেঙেছেন। এ কারণে আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিবি) মিলনায়তনে ছাত্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারেকের জামিনের শর্তের মধ্যে ছিল—তিন বছরের মধ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না, মামলার বিচারিক কাজ চলাকালে উপস্থিতি এবং শারীরিক অবস্থা সম্পর্কে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানাতে হবে। কিন্তু এসব শর্ত তিনি পালন করেননি।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, সরকার ক্ষমতায় আসার পর সাড়ে চার  বছরে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এ শিক্ষায় আমূল পরিবর্তন এনেছে। দেশে ৪৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছে। বর্তমান সরকার ১৯৯৭ সালে কারিগরি শিক্ষার উন্নয়নকল্পে এই পরিকল্পনা গ্রহণ করে।

মন্ত্রী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এ কারণে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহাজাহান মিয়া, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ।