তারেককে ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোল লাগানো হবে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পলাতক আসামি’ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একজন ফেরারি আসামি। পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা পরিচালিত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে ধৃষ্টতামূলক কথাবার্তা বলছেন। একজন পলাতক আসামি এ রকম কথাবার্তা বলতে পারেন না। পত্রপত্রিকার মাধ্যমে তাঁর (তারেক রহমান) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। তাই প্রয়োজনে আদালত ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।’

অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে আলোচনা নয়: একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়ে কোনো আলোচনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।