তারেককে ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তিনি ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক’ বলে আখ্যায়িত করেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তারেক রহমানের ‘কারাবন্দী দিবস’ উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়।
মির্জা ফখরুল বলেন, সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলাও এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বরং একটি মামলায় তিনি খালাস পেয়েছেন।
খালাস পাওয়া মামলার বিচারককে হয়রানি করতেই দুর্নীতি দমন কমিশন (দুদক) নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ৫০ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন। ক্ষমতা টিকিয়ে রাখতে এসব পুলিশকে ব্যবহার করা হবে। তিনি বলেন, ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার নির্বাচন। আর এখন বলছে, তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে। গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় না। উপজেলা নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে পুরোপুরি বর্জন করেছে। তার পরও তারা দেয়ালের লিখন পড়তে পারছে না।
সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।