তারেককে ফেরত পাঠানোর অনুরোধ জানানো চিঠি যুক্তরাজ্যের মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া চিঠিটি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।
সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র গতকাল সোমবার প্রথম আলোকে জানিয়েছে, মূলত সরকারবিরোধী আগ্রাসী বক্তৃতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া থেকে তারেক রহমানকে বিরত রাখতে এ অনুরোধ জানানো হয়েছে।
তারেককে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে লেখা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর চিঠি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছে। গত বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠানো হয়। হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জামিনে মুক্তি পেয়ে তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে যান। এর পর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। সরকারের সূত্র জানায়, তারেক রহমান লন্ডনে অবস্থানের সুযোগ নিয়ে এমন সব রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন, যা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি স্বার্থের পরিপন্থী। আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে হাইকোর্ট ৭ জানুয়ারি আদেশ দেন।