তারেককে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: ফখরুল
রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল রোববার ছাত্রদল আয়োজিত এক শোভাযাত্রা উদ্বোধনকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে ওই শোভাযাত্রার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে ২০ নভেম্বর তারেকের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের সাত দিনের কর্মসূচি শুরু হলো। শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান নন, তারেক রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক।’ তাঁর দাবি, তারেক রহমান তৃণমূল থেকে সৃজনশীল রাজনীতি শুরু করেছিলেন এবং রাজনীতিকে নতুন রূপ দিতে চেয়েছিলেন। এ কারণে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া বক্তব্য দেন। এ ছাড়া ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা কর্মসূচিতে অংশ নেন।বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে ছাত্রদল। কাকরাইল ও মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।