তারেকসহ পলাতক আসামির পক্ষে বাদীকে জেরা করতে অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পলাতক নয় আসামির পক্ষে বাদী শরীফ ফারুক আহমেদকে জেরা করতে অস্বীকৃতি (ডিকলাইন) জানিয়েছেন রাষ্ট্রনিয়োজিত আইনজীবীরা (স্টেট ডিফেন্স)।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ মামলায় পলাতক আসামিদের পক্ষে বাদীকে জেরা করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদী তাঁর জবানবন্দিতে তারেক রহমানের বিষয়ে কিছু না বলায় তাঁকে জেরা করতে অস্বীকৃতি জানান তারেকের পক্ষে টেস্ট ডিফেন্স হিসেবে নিযুক্ত আইনজীবী আবুল কালাম মো. আকতার হোসেন। একই কারণে বাদীকে জেরা করেননি পলাতক আসামি বিএনপির সাংসদ কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদের স্টেট ডিফেন্স আশরাফ- উল আলম, পরিবহন মালিক মো. হানিফের পক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার। এ ছাড়া পলাতক আসামি হরকাতুল জিহাদের সদস্য মুত্তাকিন, মুরছালিন, রাতুল বাবু, জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর বদর ও ইকবাল হোসেনের আইনজীবীরাও জেরা করবেন না বলে আদালতকে জানান। এ মামলার আরেক পলাতক আসামি মাওলানা লিটনের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আসাদুজ্জামান মনির উপস্থিত না থাকায় ১৫ মে বাদীকে বাকি জেরা করার জন্য তারিখ ধার্য করেছেন বিচারক শাহেদ নুর উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ আসামি কারাগারে আটক আছেন। তাঁরাসহ জামিনে থাকা সাত আসামি গতকাল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ ব্যক্তি।