২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত বিস্ফোরক আইনে করা মামলায় তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে ২৫ আগস্ট প্রজ্ঞাপন জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ নির্দেশ দেন। এর আগে ৩ আগস্ট আদালত একই ঘটনায় করা হত্যা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১২ পলাতক আসামিকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, পুলিশের তৎকালীন উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান ও উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, জঙ্গি নেতা হাফেজ ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, রাতুল বাবু (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) ও পরিবহনের মালিক মো. হানিফ।