২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভি-যোগপত্রভুক্ত তারেক রহমানসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে গতকাল বুধবার আদেশ হয়নি। ৫ মার্চ এ বিষয়ে আদেশের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে গতকাল আদেশের দিন ধার্য ছিল। ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি হয়। কিন্তু আদেশ লেখা প্রস্তুত না হওয়ায় বিচারক শাহেদ নুর উদ্দিন নতুন তারিখ ধার্য করেন। এ মামলায় কারাগারে আটক ৩২ আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।আদালত সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩৩ আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। গত ২০ আগস্ট অব্যাহতির শুনানি শেষ হয়।এর আগে ২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এই মামলার প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। গত বছরের ৩ জুলাই অধিকতর তদন্ত শেষে তারেক রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে ৩২ জন কারাগারে। একজন জামিনে। তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।