২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ নতুন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই তারিখ ধার্য করেন। ওই দিন অভিযোগ গঠনের শুনানির মাধ্যমে ২১ আগস্টের ঘটনায় দায়ের করা দুটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, আইনি-প্রক্রিয়ায় তারেক রহমানসহ ১২ পলাতক আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর ধার্য তারিখে পলাতক আসামিরা আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হলে, তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।গতকাল দুটি মামলারই ধার্য তারিখ ছিল। সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ১৮ জন। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তা নাকচ করে দেন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) আশরাফুল হুদার আইনজীবীরা চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া আসামি মুফতি হান্নান ও মাওলানা সাব্বিরের পক্ষে জামিনের আবেদন করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমান সরকার আমলে অধিকতর তদন্ত শেষে সিআইডি গত ৩ জুলাই আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। দুই অভিযোগপত্র মিলিয়ে এখন মোট আসামি ৫২ জন।