তারেকসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ নতুন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন শুনানির পরবর্তী তারিখ ২১ সেপ্টেম্বর ধার্য করেন। এর আগে ১১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য তারিখ ধার্য ছিল। ওই দিনও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পেছানো হয়েছিল এবং গতকাল ছিল ধার্য তারিখ।গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করতে প্রস্তুত আছে।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জানান, তাঁরা অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি পাননি। তাই তাঁরা শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেননি।কারাগারে আটক সাবেক আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হক আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য গতকাল আদালতের অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।এ ছাড়া মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করা হয়।তারেক রহমান, হারিছ চৌধুরী, লু ৎ ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে গত ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এই মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলে এখন মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩১ জন কারাগারে, দুজন জামিনে ও ১৯ জন পলাতক।