বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
তারেকসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ সেপ্টেম্বর
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত তারেক রহমানসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১৫ সেপ্টেম্বর। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ তারিখ ধার্য করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ ধার্য করা হয়। অবশ্য গতকাল রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষে তাঁরা মামলা দুটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি করতে প্রস্তুত আছেন।মামলা দুটি এর আগে মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। গত ৮ সেপ্টেম্বর মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সিআইডি গত ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। এ নিয়ে মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে বিএনপির উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি: এদিকে ‘তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে সকালে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করতে গিয়ে বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। ২১ আগস্ট মামলার শুনানির ধার্য তারিখ উপলক্ষে সকাল থেকেই বিএনপি-সমর্থিত আইনজীবীরা আদালত এলাকায় জড়ো হন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুটি পক্ষ বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতের সামনে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। এদের এক পক্ষের নেতৃত্ব দেন সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মহসিন মিয়া, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান এবং অপর পক্ষের নেতৃত্ব দেন মো. সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, খোরশেদ আলম প্রমুখ আইনজীবী। একপর্যায়ে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। পরে তা হট্টগোল ও হাতাহাতিতে রূপ নেয়। পরে নিজেরাই আবার সমঝোতা করেন।জানতে চাইলে বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কারামুক্তি দিবস এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে রফিকুল ইসলাম মিয়াকে দেখে কয়েকজন আইনজীবী বলে ওঠেন, ‘খালেদা জিয়া বলেন খায়রুল হক চোর, রফিকুল ইসলাম বলেন ভালো লোক।’ একে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। অবশ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, হট্টগোলের সময় তিনি সেখানে ছিলেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি।’