২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য মামলায় তারেক রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার পুলিশ ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এ প্রতিবেদন দাখিল করে।তারেক রহমান ছাড়া অন্যরা হলেন, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পুলিশের তৎকালীন উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, মুফতি শফিকুর রহমান ও জঙ্গি নেতা হাফেজ ইয়াহিয়া। পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়।প্রসঙ্গত, ১৪ জুলাই সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে বিএনপির নেতা তারেক রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দ করার পরোয়ানা জারির আদেশ দেন আদালত।আদালত সূত্র জানায়, আগামী ১৪ আগস্ট এ মামলার শুনানির দিন ধার্য আছে। এদিন পলাতক আসামি গ্রেপ্তার অথবা আত্মসমর্পণ না করলে পরবর্তী নির্দেশ দেওয়া হতে পারে।