২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তখনকার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে তারেক রহমানসহ সাত আসামির পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানিয়েছেন আইনজীবীরা। গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় এস এম মিজানুর রহমান ৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন। গতকাল রোববার হত্যা মামলায় তাঁকে আসামিপক্ষে জেরার দিন ধার্য ছিল। সাবেক আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হকের আইনজীবী টি এম আকবর সাক্ষী মিজানুর রহমানকে জেরা শুরু করেন। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বিচারক শাহেদ নুরউদ্দিন আগামী ২ ও ৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।আদালত সূত্র জানায়, গতকাল এ মামলার আসামি জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দেরিতে আদালতে হাজির করায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিচার শুরু হয়। গতকাল যাঁদের পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানানো হয় তাঁরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, রাতুল বাবু, জঙ্গিনেতা জাহাঙ্গীর আলম ওরফে বদর, মুরসালিন ও ইকবাল। রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন। কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামি হাজির ছিলেন। মামলায় তারেক রহমানসহ ১৯ জনকে পলাতক দেখানো হয়েছে।