তারেকের অবস্থা সংকটজনক, অন্য দুজন স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক র​িহম l ফাইল ছবি
তারেক র​িহম l ফাইল ছবি

প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরে গত শনিবার দুর্বৃত্তদের হামলায় আহত তারেক রহিমের অবস্থা সংকটজনক। একই হামলায় আহত শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী এবং প্রকৌশলী ও লেখক রণদীপম বসুর অবস্থা স্থিতিশীল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের রেজিস্ট্রার আশরাফউদ্দীন খান প্রথম আলোকে বলেন, তারেক রহিমের দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর বাঁ হাতের অবস্থা বেশ খারাপ। হাতটি শেষ পর্যন্ত রাখা যাবে কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না। আঙুলের হাড়গুলো ভেঙে গেছে। আঘাতে গভীর গর্ত হয়েছে হাতের তালু ও কবজিতে। এ ছাড়া তাঁর মাথায় কোপ আছে। মাথার ভেতরে রক্তক্ষরণও হয়েছে। পেটে গুলি আছে। তারেকের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আহত আহমেদুর রশীদ ও রণদীপম বসুর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। এঁদের দুজনকেই গতকাল কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আহমেদুর রশীদের মাথায়, হাতে ও চোয়ালে ধারালো অস্ত্রের আঘাত আছে। অর্থোপেডিক বিভাগের প্রধান শামসুজ্জামান খান সকালে আহমেদুর রশীদকে দেখতে যান। তিনি বলেন, আপাতত আহমেদুর রশীদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর ডায়াবেটিস আছে এবং বাইপাস সার্জারি হয়েছে।
হামলায় আহত অপর লেখক রণদীপম বসুর মাথায়, কাঁধে ও হাতে আঘাত থাকলেও আঘাত খুব গুরুতর নয় বলে মনে করছেন চিকিৎসকেরা।
শনিবার রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা আহমেদুর রশীদ, তারেক রহিম ও রণদীপম বসুর ওপর হামলা করে।
নিজেকে রক্ষার বিন্দুমাত্র সুযোগ পাননি ফয়সল: দুর্বৃত্তদের হামলায় আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে বলে মনে করছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কাজী মুহাম্মদ আবুশামা। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, সম্ভবত ফয়সলকে উপুড় করে ফেলে খুব ধারালো অস্ত্র দিয়ে ধড় থেকে মাথা আলাদা করে ফেলার চেষ্টা করা হয়। ওঁর শুধু কণ্ঠনালিটি অক্ষত ছিল। ঘাড়ে আঘাতটির দৈর্ঘ্য ছিল ১১ ইঞ্চি। প্রায় চার ইঞ্চি গভীর ক্ষত তৈরি হয়েছিল জায়গাটায়। স্পাইনাল কড কেটে ফেললে টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে মানুষ মারা যায়। এ ছাড়া অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল ফয়সলের। ফয়সলের মাথায় দুটি কোপেরও দাগ আছে।
আবুশামা আরও বলেন, ‘ফয়সল আরেফিনের পুরো শরীরের কোথাও কোনো দাগ নেই। ও আঘাত থেকে নিজেকে রক্ষা করার বিন্দুমাত্র সুযোগ পায়নি।’