তারেকের অর্থ পাচার মামলার অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ জুন নির্ধারণ করেছেন আদালত। ওই দিন আসামি তারেক রহমান ও মামুনের উপস্থিতিতে শুনানির জন্য এ তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান চিকিৎসার জন্য বেশ কিছু দিন ধরে বিদেশে অবস্থান করছেন। তাঁর বন্ধু বলে পরিচিত গিয়াসউদ্দিন আল মামুন কারাগারে আছেন।আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।এদিকে একই আদালতে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বিচারাধীন অর্থ পাচারের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আদালত ৩০ ও ৩১ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।তারেকের বিরুদ্ধে মামলা: বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের অক্টোবরে দুর্নীতি দমন কমিশন এ মামলা করে। অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। এতে বলা হয়, মামুনের মাধ্যমে ২০০৩ সাল থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান।কোকোর মামলা: খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলায় গতকাল আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন, ব্যবসায়ী আদনানুল ইসলাম, পাসপোর্ট কার্যালয়ের উচ্চমান সহকারী আবদুর রাজ্জাক, অতিরিক্ত কর কমিশনার নাফিজ আহমেদ ও সহকারী কর কমিশনার মিয়া আবদুল্লাহ আল জাহেদ। ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট তাঁর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরে আসতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।