তারেকের আইনি নোটিশের জবাব দিলেন বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দেওয়া আইনি নোটিশের জবাব দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রীর পক্ষে তাঁর আইনজীবী আবদুল মতিন খসরু গত রোববার এই জবাব তারেক রহমানের আইনজীবী কায়সার কামালের কাছে পাঠিয়েছেন। তাতে তারেকের পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে। আইনজীবী আবদুল মতিন খসরু গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আবদুল মতিন খসরু বলেন, বনমন্ত্রীর জবাবে বলা হয়েছে, তারেক রহমান সম্পর্কে তাঁর বক্তব্য সংবাদপত্রে বিকৃতভাবে প্রকাশিত হয়েছে। আর এই বক্তব্যের ভিত্তিতে আইনি নোটিশ দেওয়া যথাযথ ও আইনগত হয়নি। উদ্দেশ্য-প্রণোদিতভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। ‘বিএনপি শাসনামলে হাওয়া ভবনে বসে লুটপাট ও ডাকাতি করতেন তারেক রহমান’ বলে হাছান মাহমুদকে উদ্ধৃত করে একটি পত্রিকায় খরব ছাপা হয়। এটা তুলে ধরে হাছান মাহমুদকে গত ২৭ মে আইনি নোটিশ পাঠান আইনজীবী কায়সার কামাল। সংবাদ সম্মেলনে আইনজীবী আবদুল মতিন খসরু বলেন, ‘আমার মক্কেল অমূলক কিছু বলেননি। তারেক রহমানের বিষয়ে হাছান মাহমুদের বক্তব্য একটি পত্রিকা বাদে অন্য সব পত্রিকায় একরকমভাবে এসেছে। শুধু একটি পত্রিকায় ভিন্নভাবে এসেছিল।’