অর্থ পাচার মামলার বিষয়ে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনর্বিবেচনার জন্য (রিভিউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ২ জুন এ বিষয়ে আদেশ দেওয়া হবে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাতজন বিচারপতির বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি অর্থ পাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারেক রহমানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, নথিপত্রে দেখা গেছে, তারেক জিয়ার বিরুদ্ধে ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধের প্রাথমিক অভিযোগ প্রকাশিত হয়েছে। তাই আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ কার্যক্রম চালাতে পারে। ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে গত ৩০ এপ্রিল তারেকের পক্ষে আবেদন করা হয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আনিসুল হক এবং তারেকের পক্ষে আহসানুল করিম শুনানিতে অংশ নেন। এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি করেন।