তারেকের কথার অনুমোদন দিচ্ছেন খালেদা: নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে আজ সন্ধ্যায় একটি সড়কের উদ্বোধনের সময় বক্তব্য  দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো
নীলফামারীতে আজ সন্ধ্যায় একটি সড়কের উদ্বোধনের সময় বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের স্বাভাবিক পরিস্থিতিকে আবারও বিপদগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তারেক রহমান যা বলছেন, একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তাঁর মা খালেদা জিয়া সেটিকে অনুমোদন দিচ্ছেন।
আজ শনিবার ছাত্রলীগের নীলফামারী জেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
নূর বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশের মাটিতে বসে প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি তাঁর বাবাকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে দেশের ইতিহাসকে বিকৃত করার মিশনে নেমেছেন।’
এর আগে বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ।
এ সময় বক্তব্য দেন নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দীন সরকার, নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, আওয়ামী লীগের সহ-সম্পাদক কামরুল হাসান খোকন, ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুল আজম রিজভী, উপ-গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন প্রমুখ।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশের মানুষ রাজনৈতিক কারণে মানুষ হত্যা করে না। অথচ বিএনপি একটি নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের জনগণকে প্রতিহত করার চেষ্টা করেছে। জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে।’
ছাত্রদের উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের শুরু আছে, শেষ নেই। প্রকৃত অর্থে মুক্তি পেতে হলে ছাত্রদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিতে হবে। মূর্খ থাকলে রাজনীতি করা যায় না। এ জন্য লেখাপড়া করতে হয়। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হওয়ার জন্য প্রত্যককে লেখাপড়ার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘তোমরা সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। জনগণের কল্যাণের জন্য কাজ করতে না পারলে রাজনীতি করার সার্থকতা থাকে না।’
পরে সন্ধ্যায় মন্ত্রী নীলফামারী জেলা শহরের কৃষিফার্ম মোড়ে নীলফামারী-ভবানীগঞ্জ জিসি সড়কের কৃষিফার্ম মোড় থেকে জেলা সদরের নীলসাগর পর্যন্ত সাত কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১১ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে বলে জানান সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘নীলফামারী থেকে পঞ্চপুকুর হয়ে কিশোরগঞ্জ সড়ক, চাপড়া ইউনিয়নের চাড়ালকাটা নদীর লুবকাটিংসহ গুরুত্বপূর্ণ সড়ক পুল কালভার্টের কাজ এ সরকারের সময়ে শুরু করা হবে। এসব কাজের তালিকা আমরা করেছি।’ এ সময় মন্ত্রী সবার উদ্দেশে বলেন, ‘এর বাইরে কোনো গুরুত্বপূর্ণ সড়ক, পুল-কালভার্ট করার প্রয়োজন থাকলে আপনারা আমাকে জানাবেন।’