মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সমন তাঁর ঠিকানায় পৌঁছেছে কি না, তা বিচারিক আদালতের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। তিন দিনের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে এ বিষয়ে লিখিতভাবে জানাতে হবে। ৩ মার্চ পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।
গতকাল হাইকোর্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। পরে মনিরুজ্জামান কবীর সাংবাদিকদের বলেন, তারেক রহমানের বিদেশের ঠিকানায় জারি করা সমন পৌঁছেছে কি না, সে তথ্য নেই। এ বিষয়টি তিন দিনের মধ্যে মুখ্য বিচারিক হাকিমকে জানাতে বলা বলেছে।
২০ কোটি টাকা ঘুষ গ্রহণ ও পরে তা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে খালাস দেন। মামলায় তাঁর বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি জরিমানা করেন। পরে তারেক রহমানকে দেওয়া খালাস চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে দুদক। শুনানি শেষে গত বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন ও সমন জারি করেন।