তারেকের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো কার্যক্রম যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলেছে বলে ব্রিটিশ সরকার অবগত নয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিউ রবার্টসন গত মঙ্গলবার হাউস অব কমন্সে এক প্রশ্নোত্তরে এ কথা বলেছেন।
বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলার এবং লাইমস্টোন এলাকার এমপি জিম ফিটজপ্যাট্রিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হিউ রবার্টসন এই তথ্য দেন। গত সোমবার জিম ফিটজপ্যাট্রিক এক লিখিত প্রশ্নে পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চান, যুক্তরাজ্যে তারেক রহমানের কার্যকলাপ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ওপর কী প্রভাব ফেলছে বলে তাঁর ধারণা।
মঙ্গলবার এই প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী হিউ রবার্টসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে ব্যাপকভিত্তিক সম্পর্কের অধিকারী, যা গড়ে উঠেছে বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোসহ উভয় দেশের জনগণের মধ্যে বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে। তিনি বলেন, ‘তারেক রহমানের কোনো কার্যক্রম আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলেছে বলে আমাদের জানা নেই।’
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের সেপ্টেম্বরে তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্য আসেন এবং তার পর থেকে তিনি লন্ডনে অবস্থান করলেও এই প্রথম তাঁর সম্পর্কে ব্রিটিশ কোনো মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করলেন। তবে মন্ত্রীর মন্তব্যে তারেক রহমানের অভিবাসনগত অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
তারেক প্রায় ছয় বছর যুক্তরাজ্যে অবস্থান করলেও দীর্ঘদিন প্রকাশ্য রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে নিবৃত্ত ছিলেন। বছর খানেক ধরে তিনি প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাঁর সাম্প্রতিক একাধিক বক্তৃতা বাংলাদেশে বিতর্কের জন্ম দেয় এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী এবং ক্ষমতাসীন দল তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিতে সরব হয়।