তারেককে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

আজ রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করে আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতের মামলার নথি তলব করা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

শুনানির জন্য আপিল গ্রহণের বিষয়টি জানিয়ে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, একই সঙ্গে আদালত তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, সেখানে তিনি জামিন চাইতে পারবেন।

তারেক রহমানকে খালাস দিয়ে গত ১৭ নভেম্বর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন।