তারেকের ছ্যাচার ভয়ে কেউ কথা বলেনি: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইতিপূর্বে বিএনপি-জামায়াত যখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অত্যাচার করেছিল, তখন কোনো কোনো মহল কথা বলেনি। তখন তারা তারেক রহমানের “ছ্যাচার” ভয়ে মুখ খোলেনি।’

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে উপজেলা নির্বাচন নিয়ে নানা কথা বলেন। ২০০১-এর ১ অক্টোবরের পর থেকে বিএনপি-জামায়াত মিলে আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীর ওপর অত্যাচার করেছিল। তখন তাঁদের মুখগুলো কোথায় ছিল? তাঁরা কোনো কথা বলেননি। তখন মানবাধিকার লঙ্ঘনের কথাও বলেননি। তখন যে নির্বাচন ঠিকভাবে হয়নি, সে কথাও তাঁরা বলেননি। মনে হয়, তাঁদের চেতনা তখন অসার হয়ে গিয়েছিল, জ্ঞান লোপ পেয়েছিল। মনে হয় তাঁরা জানেন, বিএনপির নামে কথা বললে তারেক জিয়ার হাতে ছ্যাচা মাইর খেতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেন, ‘নির্বাচনের পর সরকার গঠন করে আমরা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনেছি। দেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এটা কোনো কোনো মহল বিশেষের পছন্দ না। তাদের কান্না জঙ্গিবাদ-সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধী শক্তির জন্য।’

বিশেষ একটি শ্রেণী বিরোধী দলের (বিএনপি-জামায়াত) জন্য মায়া কান্না করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৪১৮ দিন সংসদ বসেছে। বিরোধী দল মাত্র ১৭-১৮ দিন সংসদে ছিল। আর তত্কালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমানে বিএনপি নেতা মাত্র আট দিন সংসদে ছিলেন।

১৯৭৫-এর পর জিয়াউর রহমান পরাজিত শক্তির দোসর হিসেবে ক্ষমতা দখল করেছিলেন বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জিয়া কারফিউ গণতন্ত্র দিয়েছে। ’৭৫ থেকে ’৮৬ পর্যন্ত বাংলাদেশে প্রায় প্রতি রাতে কারফিউ ছিল। এটি হয়তো অনেকের স্মরণ নেই। তিনি বলেন, ‘অনেকে বলে জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছে। আমরা এটিকে কারফিউ গণতন্ত্র বলি। এ সময় ধনীক শ্রেণী গড়ে ওঠে। গরিব আরও গরিব হয়েছে। ৭৫-এর আগে কেউ আঙুল ফুলে কলাগাছ হয়নি।’

বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যে আদর্শ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, তা নিয়েই আমাদের চলতে হবে।’

সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী প্রমুখ।