তারেকের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমানের ৫১তম জন্মদিনের অনুষ্ঠান স্থগিত করেছে বিএনপি। গতকাল বুধবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
দলীয় সূত্র জানায়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বেলা দুইটায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক আলোচনা সভা হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি স্থগিত করা হলে কবে হবে, তা পরে জানানো হবে বলে জানান আবদুল লতিফ।
বিএনপির একজন নেতা প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় যেকোনো সময় কার্যকরের সম্ভাবনা থাকায় অনুষ্ঠান স্থগিত করা হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাত বছরেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। জামিন নিয়ে চিকিৎসার জন্য সেখানে গেলেও এখন রাজনৈতিক আশ্রয়ে পরিবার নিয়ে বাস করছেন। প্রায় দুই মাস হলো তাঁর সঙ্গে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সেখানে আছেন।