তারেকের জন্মদিনের অনুষ্ঠানে হাতাহাতি, পুলিশের লাঠিপেটা
বগুড়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় জেলা বিএনপির নেতারা দলীয় কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে দলীয় কর্মী-সমর্থকদের ওপর লাঠিপেটা করে। গতকাল রোববার শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ওই সড়কে তৈরি অস্থায়ী মঞ্চের পেছনে ব্যানার টানিয়ে দুটি টেবিলে জন্মদিনের কেক রেখে সামনে দাঁড়ান জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সড়কে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারকে কেক খাওয়ান জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এ সময় কর্মী-সমর্থকেরা মঞ্চের কাছাকাছি যেতে চাইলে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নিলে পুলিশ লাঠিপেটা করে। জ্যেষ্ঠ নেতারা দ্রুত মঞ্চ ছেড়ে কেক নিয়ে কার্যালয়ে আশ্রয় নেন। ধাক্কাধাক্কিতে টেবিলসহ অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দুই নেতা বলেন, কেক কাটার ছবি তোলার সময় সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের সমর্থকদের সঙ্গে সাবেক পৌর কাউন্সিলর ও শহর যুবদলের সভাপতি মাসুদ রানার সমর্থকদের প্রতিযোগিতা শুরু হয়। এর থেকেই হট্টগোল।
বগুড়া সদর ফাঁড়ির এসআই ফজলে এলাহী বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জন্মদিনের কেক কাটার নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে তাঁরা (নেতারা) দলীয় কার্যালয়ে গিয়ে বসেন। সেখানে ঘণ্টা খানেক নিজেরা নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জন্মদিনের কেক শহরের কারবালা এলাকার একটি এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, জন্মদিনের অনুষ্ঠানে হট্টগোল হয়নি। পুলিশের লাঠিপেটার ঘটনাও ঘটেনি। অনুষ্ঠানে আসা কর্মী-সমর্থকদের ছবি তুলে কেউ হট্টগোল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে তা হবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার।