তারেকের পরোয়ানা ফেরত আনার আদেশ
বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় খালাস পাওয়ায় তারেক রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রত্যাহার করা হচ্ছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে গতকাল সোমবার ঢাকা বিশেষ জজ আদালত-৩ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদেশ গেছে। এ ছাড়া রায়ের অনুলিপি দুর্নীতি দমন কমিশন ও ঢাকার মুখ্য মহানগর হাকিম এবং পুলিশের অপরাধ প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশররফ হোসেন প্রথম আলোকে বলেন, এ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট বিচারিক আদালত এ ধরনের কোনো আদেশ দিতে পারেন না। আদালত সূত্র জানায়, গত ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণার পর পারিবারিক কারণ দেখিয়ে বিচারক চার দিনের ছুটি নেন। এরপর ২৪ নভেম্বর তিনি কাজে যোগ দেন। ১ ডিসেম্বর আবার ছুটি নেন। গতকাল কাজে যোগ দিয়ে বিচারক রায়ের অনুলিপি পাঠানোর আদেশ দেন। এ মামলায় তারেক রহমান বেকসুর খালাস পেলেও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করেন আদালত। মামুন কারাগারে আছেন।