তারেকের পিএস অপুর জামিন আবেদন না মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের করা একটি মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় শুনানি শেষে এ আদেশ দেন।
অপুর আইনজীবী তরিকুল ইসলাম আদালতকে জানান, এই মামলার অন্য আসামিরা জামিনে আছেন। আসামি অসুস্থ। আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারা এই আসামির জন্য প্রযোজ্য নয়। তাই তিনি জামিন পেতে পারেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, এই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর কারাগারে আটক আছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর দুই ছেলে সাদাত ও সানভীর সোবহান এবং তারেক রহমান মামলার নথিদৃষ্টে পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
আসামি অপুর বিরুদ্ধে হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আসামির জামিন দেওয়ার সুযোগ নেই। শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ ভ্যানে করে অপুকে আদালতের হাজতখানায় আনা হয়।
অপু প্রায় এক মাস আগে গোপনে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলেও বিষয়টি প্রকাশ পায়নি। তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালের চিকিত্সা সনদ আদালতে দাখিল করে সে সুবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ছিলেন।
২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর অপু আত্মগোপনে চলে যান। এর পর থেকে তিনি মূলত মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
গত ১২ জুন তারেক রহমান মালয়েশিয়া সফরে গেলে তাঁকে কুয়ালালামপুর বিমানবন্দরে অভ্যর্থনা জানান মিয়া নুর উদ্দিন অপু। তারেক রহমান ১৩ জুন মালয়েশিয়া থেকে লন্ডনে ফিরে যান। এর চার দিন পর ১৭ জুন ঢাকায় ফেরেন তিনি।

আরও জানতে পড়ুন: