তারেকের পিএস অপুর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমানের ব্যক্তিগত সহকারী অপুকে গতকাল আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো
তারেক রহমানের ব্যক্তিগত সহকারী অপুকে গতকাল আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় শুনানি শেষে এ আদেশ দেন।
অপুর আইনজীবী তরিকুল ইসলাম আদালতকে জানান, এই মামলার অন্য আসামিরা জামিনে আছেন। আসামি অসুস্থ। আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর-২ ধারা এই আসামির জন্য প্রযোজ্য নয়। তাই তিনি জামিন পেতে পারেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, এই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর কারাগারে আটক আছেন। মামলার নথি অনুযায়ী বাকি আসামিদের মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর দুই ছেলে সাদাত ও সানভীর সোবহান এবং তারেক রহমান মামলার পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ ছাড়া আসামি অপুর বিরুদ্ধে হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই তাঁকে জামিন দেওয়ার সুযোগ নেই।
শুনানির সময় অপুকে আদালতে হাজির করা হয়। তখন আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জামিন নামঞ্জুর হওয়ায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
২০০৭ সালের এক/এগারোর পটপরিবর্তনের পর থেকে অপু পলাতক ছিলেন। এর পর থেকে তিনি মূলত মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রায় মাস খানেক আগে তিনি গোপনে দেশে ফিরেন এবং ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করেন। এর পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তবে বিষয়টি প্রকাশ পায়নি, এমনকি বিএনপির নেতারাও জানতেন না বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এ নিয়ে গত রোববার প্রথম আলোতে বিস্তারিত খবর প্রকাশিত হয়।